বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের আমদানি করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের কাপড়ের রোলভর্তি পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রামের মো. মোর্শেদ আলম (৩১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. সাইদুর রহমান (৫১)।

পুলিশ জানায়, গ্রেফতার দু’জন একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জেটি সরকার হিসেবে কাজ করেন। গত ১১ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের দপ্তরের এফসিএল সেকশনে অবস্থানকালে তারা সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রতারণার আশ্রয় নেন। এ সময় বিভিন্ন ডকুমেন্ট ও স্বাক্ষর জাল করে অন-ডেট ও অন-চেসিস অ্যাসাইনমেন্টের কপি আসল হিসেবে ব্যবহার করা হয়। পরে ওই জাল কাগজপত্র ব্যবহার করে কাপড়ের রোলসহ কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেট দিয়ে বের করে নেওয়া হয়।

এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।