বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার 

ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর ইমরান হত্যা মামলার মূল হোতাসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

এ সময় আসামিদের হেফাজত থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুইটি চাপাতি, দুইটি সুইচ গিয়ার চাকু, একটি ইয়ামাহা মোটরসাইকেল ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলোÑ রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মো. কামরুল হাসান (২৫), মো. সাইফুল হোসেন (২০), মো. জামিল মিয়া দোলন (৩৫) ও মিঠু ওরফে ডোবার মিঠু (৩৫)।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ীর ধলপুর বাদল সর্দার গলির শরিফের গ্যারেজে বসে থাকা ইমরান ও সাদ্দামকে লক্ষ্য করে তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। 

এ সময় ধারালো অস্ত্র দিয়েও তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ইমরান নিহত হন ও সাদ্দাম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় ইমরানের স্ত্রী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে মামলার মূলহোতা রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজকে গ্রেফতার করা হয়। 

পরে রিয়াজের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ডেমরা থানার পাড়াডগাইর এলাকা থেকে মো. কামরুল হাসান ও মো. সাইফুল হোসেনকে গ্রেফতার করা হয়। 

মিঠু ওরফে ডোবার মিঠুকে যাত্রাবাড়ী থানা পুলিশ ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। 

এছাড়া আজ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মো. জামিল মিয়া দোলনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইমরান হত্যা মামলায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।