বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ 

শেরপুর, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুর বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল- এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৪৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে।