শিরোনাম

যশোর, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ক্ষতিকর রাসায়নিক ও নিম্নমানের উপকরণ মিশিয়ে সয়াবিন বড়ি তৈরি সহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘ইমরান ফুডস প্রোডাক্টস’ নামের একটি খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার সকালে যশোর শহরের বকচর হুসতলা এলাকায় ওই কারখানায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা, অভিযানকালে কায়ছার আলীর মালিকানাধীন ‘ইমরান ফুডস প্রোডাক্টস’কে অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন বড়ি তৈরি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ‘সাল্টু’ ব্যবহার করা হচ্ছিল। পণ্যের ওজন বাড়িয়ে বাড়তি মুনাফার জন্য সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মেশানোর বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
তদারকি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নামে-বেনামে মোড়ক তৈরি নিম্নমানের বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছিল ‘ইমরান ফুডস প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটি। ভোক্তাদের বিভ্রান্ত করতে ও আইনি জটিলতা এড়াতে প্যাকেটের গায়ে কারখানা বা কার্যালয়ের সঠিক ঠিকানা দেওয়া হয়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।