শিরোনাম

রাজশাহী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার এ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার স্বপন শাহর ছেলে সোহান ইসলাম ওরফে নিশান (২৬), পঞ্চবটি এলাকার কালামের ছেলে অন্তু (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল হোসেন রানা (৩০)।
পুলিশ জানায়, গত সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা প্রদান ও তাদের নিষেধ করলে তারা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে বাদী ভীত হয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যায়।
এ ঘটনায় এজাহার নামীয় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এই তিন আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।