শিরোনাম
গাজীপুর, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গাজীপুর জেলাকে শব্দদূষণ মুক্ত রাখার লক্ষ্যে মোটরসাইকেল চালক, বাইকার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রাশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা মোটরসাইকেলে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ করা, উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার এবং সড়কে দায়িত্বশীলতার সাথে যানবাহন চালানোর ওপর জোর দেন। একই সাথে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ বাইকার ও চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), এবিসি জেনারেল শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান ও জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শব্দদূষণ কেবল মানসিক বিরক্তির কারণ নয়, এটি মানবদেহে দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই সড়কে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে আইন মানার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। জেলাকে শব্দদূষণ মুক্ত রাখতে প্রশাসন, পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তারা।
মতবিনিময় সভা শেষে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সচেতনতামূলক ‘সাইলেন্ট র্যালি’ বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং বাইকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।