শিরোনাম

চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৫৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আট জন, পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ জন মাদক ব্যবসায়ী, আট জন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদক সেবনকারী রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ৫৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে ৯ হাজার ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৮ লিটার চোলাইমদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৩ বোতল কিংফিসার বিয়ার, দুই বোতল স্কাফ সিরাপ, ৫৯৬ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ছয় বোতল ভারতীয় হুইস্কি, ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।