বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৮

যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে : ইউজিসি চেয়ারম্যান

ছবি : বাসস

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো, মানসম্মত গবেষণা ও একাডেমিক সক্ষমতা রয়েছে, সেসব যোগ্য প্রতিষ্ঠানকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

তিনি বলেন, ‘তবে সব বিশ্ববিদ্যালয় ঢালাওভাবে এই সুযোগ পাবে না। গবেষণার মানদণ্ড, স্বচ্ছতা ও একাডেমিক সততা নিশ্চিত করেই কেবল নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

অধ্যাপক মামুন বলেন, ‘আমরা চাই মানসম্মত গবেষণা এবং সেই গবেষণার মাধ্যমে অর্জিত মানসম্মত পিএইচডি। পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা মানহীনতার অভিযোগ যাতে না ওঠে, সে বিষয়ে ইউজিসি কঠোর অবস্থান বজায় রাখবে।’

দেশে মানসম্পন্ন শিক্ষক ও গবেষক সংকট কাটানোর ওপর জোর দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান বাড়াতে দেশেই পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ ও পরিধি আরও বাড়ানো প্রয়োজন। যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গায় বড় ভূমিকা রাখতে পারে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ট্রাস্টি বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনকে নিজ নিজ আইনগত সীমানা ও দায়িত্ব মেনে পরিচালনা করতে হবে। কোনোভাবেই ট্রাস্টি বোর্ড একাডেমিক প্রশাসনের দৈনন্দিন বা নীতিগত কাজে হস্তক্ষেপ করতে পারবে না।

তিনি জানান, বর্তমানে ইউজিসিকে ট্রাস্টি বোর্ডের ভেতরের দ্বন্দ্ব এবং ট্রাস্টি বোর্ডের সঙ্গে একাডেমিক প্রশাসনের ক্ষমতার বিরোধ সামলাতে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’-এ ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের দায়িত্ব পরিষ্কারভাবে ভাগ করা আছে উল্লেখ করে তিনি সবাইকে আইন মেনে নিজ নিজ দায়িত্ব পালনের তাগিদ দেন।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. তানভীর ফেরদৌস সাঈদ।