বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৩

চাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী ‘আত্মরক্ষা প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

আজ মঙ্গলবার বিকেলে চবির জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রশিক্ষণে প্রায় ৬০০ নারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থী দুটি করে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।

চাকসু সূত্রে জানা যায়, প্রশিক্ষণটি পরিচালনা করবেন একজন নারী প্রশিক্ষক। ছাত্রীদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

চাকসুর সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা বলেন, ‘প্রশিক্ষণ কর্মসূচিটি ছাত্রীদের আরও সাহসী, আত্মবিশ্বাসী ও মনোবল দৃঢ় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই, প্রতিকূল পরিস্থিতিতে একজন ছাত্রী যেনো ভয় না পেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের দুটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।’