শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কেবল ভৌগোলিক সংযোগ বৃদ্ধি নয়, বরং মানসম্মত, সাশ্রয়ী ও অর্থবহ নেটওয়ার্ক কানেক্টিভিটি নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, আধুনিক সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ফাইভ-জি-সহ ভবিষ্যতের উদীয়মান প্রযুক্তিতে দেশের সক্ষমতা বহুগুণ বাড়াতে হবে বলে জোর দেন তিনি।
আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি’ (এপিটি)-এর ওয়ারলেস গ্রুপের ৩৭তম সভার (এডব্লিউজি-৩৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেলিযোগাযোগ খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৯১ মিলিয়ন মোবাইল সাবস্ক্রিপশন নিবন্ধিত হয়েছে এবং ১০৮ মিলিয়নেরও বেশি গ্রাহক সক্রিয়ভাবে ফোর-জি সেবা ব্যবহার করছেন। এ সুবিধা নিশ্চিতে সারা দেশে বর্তমানে ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, প্রায় ৪৬ হাজার মোবাইল টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার বিস্তৃত ফাইবার অপটিক নেটওয়ার্ক অবকাঠামো বিদ্যমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সরকার দ্রুত গতিসম্পন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল অবকাঠামো জোরদারকরণ, বাজারে সুস্থ প্রতিযোগিতা প্রতিষ্ঠা এবং টেলিযোগাযোগ সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সাশ্রয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ।” এর পাশাপাশি এআই, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর শিল্পে দেশীয় দক্ষতা প্রবৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার রূপরেখা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, “বিশ্বজুড়ে টেলিযোগাযোগ খাত অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই নতুন প্রযুক্তির সঠিক সুফল পেতে হলে সময়োপযোগী ও প্রযুক্তিবান্ধব নীতিমালা, আধুনিক অবকাঠামো তৈরি, দক্ষ মানবসম্পদ গঠন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা অত্যন্ত জরুরি।”
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে ওয়্যারলেস বা বেতার যোগাযোগ, রেডিও স্পেকট্রাম (তরঙ্গ) ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি, স্মার্ট নেটওয়ার্ক পরিচালনা ও আইনি কাঠামো বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হবে।
অনুষ্ঠানে এপিটি-এর সেক্রেটারি জেনারেল ড. মাসানৌরি কন্ডো, এপিটি ওয়ারলেস গ্রুপের সভাপতি ড. ডেজাং কিম, বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনারবৃন্দ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।