বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ১ 

কুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জেল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জেল হোসেন জেলার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বর্গা নেওয়া ধানের জমিতে সার দিয়ে বাড়িতে ফিরছিলেন তোফাজ্জেল হোসেন। পথিমধ্যে তিনি তেঘরিয়া মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তোফাজ্জেল হোসেন নিহত হন।

বজ্রপাতের এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

বিষয়টি নিশ্চিত করে আলামপুর ক্যাম্পের ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।