শিরোনাম
রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজবাড়ী বিসিক শিল্পনগরীর শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিল্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিক শিল্পনগরী মালিক সমিতির উদ্যোগে আজ সোমবার দুপুরে অরবিট শিল্প উদ্যোক্তা হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিল্পনগরী মালিক সমিতির সভাপতি কাজী বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধান ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, স্টেট অফিসার হাফিজুর রহমান, মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অরবিট শিল্প সংস্থার মালিক মাকসুদুর রহমানসহ শিল্প উদ্যোক্তারা।
সভায় শিল্প উদ্যোক্তারা বিসিক শিল্পনগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ, নিরাপত্তা জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ঋণের সুদের হার ও সার্ভিস চার্জ কমানোসহ শিল্প পরিচালনায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বিসিক শিল্পনগরীর নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানান।
শিল্প উদ্যোক্তা মেহেরা নিগার পারভীন বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অতীতে উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। শিল্প খাতের বিকাশে এসব প্রতিবন্ধকতা দূর করে উদ্যোক্তাদের উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান বলেন, শিল্প উদ্যোক্তাদের সমস্যা সমাধানে জেলা প্রশাসন সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। প্রয়োজন হলে সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। শিল্প উৎপাদনে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না থাকে, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে কাজী বেনজীর আহমেদ বলেন, দীর্ঘদিন পর শিল্প উদ্যোক্তারা একত্রিত হয়ে নিজেদের সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন। সরকার ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে দেশের শিল্প খাত এগিয়ে যাবে। দেশীয় শিল্পের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বলেন, শিল্পনগরীর বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিল্পনগরীর পরিবেশ ও উৎপাদন ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব।
সভায় শিল্প উদ্যোক্তারা বিসিক শিল্পনগরীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।