বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত

ছবি: বাসস

ফেনী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে সড়ক দুর্ঘটনায় আবদুল আলিম (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালপুল স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে উল্টে যায়। এ সময় গাড়ির বনাটে বসা আবদুল আলিম দরজা দিয়ে বাইরে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আবদুল আলিম বারাইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের একমাত্র ছেলে। তিনি কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সিলেটে কর্মরত ছিলেন। আজ সোমবার তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিলো।

নিহতের নানা একেএম সামছুউদ্দিন জানান, তার নাতি সিলেট থেকে ট্রেনে এসে ফেনী নামেন। এরপর বারইয়ারহাট নিজ বাসার উদ্দেশ্যে মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে উঠেন। বাসটি লালপোল পৌঁছেলে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে সড়কের মধ্যখানে উল্টে যায়। এতে গুরুতর আহত আবস্থায় জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম ফেনীর লালপুলে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।