বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১

ফেনী কলেজ ছাত্রদলের উদ্যোগে বই উৎসব

ছবি : বাসস

ফেনী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বই উৎসব ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বই উৎসবে ৬শ’ টাকার বই বিক্রি করা হয় ৪৮ টাকায়। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভূঁইয়া ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।

এ সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আরাফাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি, সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ আলম, মাহতাব উদ্দিন রাহিম ও সামিউর রশিদ তমাল, সহ সাংগঠনিক মো. সিফাত ও মেহেদি হাসান, সহ দপ্তর সম্পাদক সাজন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘সত্যিই আমি অভিভূত হয়েছি কলেজ ছাত্রদলের এমন আয়োজন দেখে। আমরা চাই পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ুক। তাহলে দেশ এগিয়ে যাবে।’

জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল এখন সৃজনশীল সব কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। বিশেষ করে ছাত্রদল ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ তৈরিতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্রদলের দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকিয়ে আছে। তাই অবশ্যই ছাত্রদল ব্যতিক্রমী ও যুগোপযোগী কর্মকাণ্ড চালিয়ে যাবে।’

জাহেদ হাসান রনি জানান, বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ৬শ’ টাকার বই বিক্রি হয়েছে ৪৮ টাকা। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে।