শিরোনাম

সাতক্ষীরা, ৬ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার সদরে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুস আলী (৪৮) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোর ৬টার দিকে জেলা শহরের কামালনগর গোরস্থানের পাশে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. ইউনুস আলী সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইউনুস আলী জেলা শহরে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রোববার ভোর ৬টার দিকে ঝাল মুড়ি বিক্রির কাজের বের হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার ঘরের পাশে থাকা ঝালমুড়ি বিক্রির ভ্যানটি স্পর্শ করতেই মো. ইউনুস আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ইউনুস আলীর ঘরের উপর দিয়ে চলে যাওয়া একটি বৈদ্যুতিক সংযোগ লাইনের তার ছিঁড়ে তার ঝালমুড়ির ভ্যানের উপর পড়েছিল। বিদ্যুতায়িত ভ্যানটি স্পর্শ করার সাথে সাথেই মো. ইউনুস আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।