শিরোনাম

যশোর, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পুষ্টি প্রাণরসায়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মানুষের স্বাস্থ্যরক্ষা ও দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও রিসার্চ সেল এ সেমিনারের আয়োজন করে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিদেতোশি সিরাকাওয়া প্রধান বক্তা হিসেবে পুষ্টির আণবিক ভিত্তি ও রোগ প্রতিরোধে এর ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি। তারা কিডনির কার্যকারিতা রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধে পুষ্টির ভূমিকা নিয়েও আলোচনা করেন।
তোহকু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪০ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর বলেন, ‘জাপানি গবেষকদের নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম আমাদের তরুণ গবেষকদের জন্য অনুকরণীয়।’ তিনি ‘রুনপাকু’ প্রোগ্রামের মাধ্যমে দেশে থেকেই তোহকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগের কথা জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।