শিরোনাম

সাতক্ষীরা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বিস্কুট, মোটর সাইকেল, শাড়ি ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ সময় মো. রনি বাবু (২৮) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।
সীমান্তে জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, মাদরা, বৈকারী, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত মো. রনি বাবু সাতক্ষীরা সদর উপজেলার কুশাখালী গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেলতলা নামক স্থান হতে ও বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় বিস্কুট, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজাপুর নামক স্থান হতে ভারতীয় বাংলাদেশী শাড়ি, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালশারি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা।
এছাড়া, ঝাঁউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি নামক স্থান হতে গাঁজা ও মোটর সাইকেল সহ মো. রনি বাবু নামের একব্যক্তিকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সহ আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।