শিরোনাম

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (বুধবার) চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩৯৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, গ্রেফতারি পরোয়ানার অন্তর্ভূক্ত ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদক বহনকারী এবং ৯৮ জন মাদক সেবনকারী।
তিনি আরও জানান, অভিযানে ২ লাখ ১৯ হাজার ১২৯ পিস ইয়াবা, ৮২ কেজি ৪১৪ গ্রাম গাঁজা, ৬২ লিটার মদ এবং চার বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সময়ে ৮ হাজার ৫২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় ২২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।