বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২

পটুয়াখালীতে বজ্রপাতে নিহত ১ 

পটুয়াখালী, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার গলাচিপা উপজেলায় আজ বজ্রপাতে তপন শিকারী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তপন শিকারী গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারিকান্দা গ্রামের অনিল শিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তপন শিকারী নিজের কৃষি জমিতে কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বজ্রপাত ঘটে। এতে তপন শিকারী বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তপন শিকারীকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তালতলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিজান দেওয়ান বজ্রপাতে কৃষক তপন শিকারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।