শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মায়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস) এর দু’টি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ থানার জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের বোট দু’টি বিচিং করে পালিয়ে যায়। পরবর্তীতে, বোট দু’টিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদসহ দু’টি বোট জব্দ করা হয়। মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, কক্সবাজারের উখিয়া থানার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একই রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ আরও একটি বিশেষ অভিযানে সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত সব আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।