শিরোনাম

পঞ্চগড়, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার আটোয়ারী উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে রোহান নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া এলাকায় নাগর নদীতে এ ঘটনা ঘটে।
মৃত রাহান উপজেলার সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার নানার বাড়ি উপজেলার বালাপাড়া গ্রামে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায় রোহান। বৃহস্পতিবার সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুর সঙ্গে নাগর নদীতে গোসলে নেমে নদীতে ডুবে যায় রোহান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাসসকে শিশু রোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।