বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৯:৩৫

মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ে রাসিকের সভা

ছবি : বাসস

রাজশাহী, ২৭ আগস্ট,২০২৬ (বাসস) : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক রাজশাহী সিটি কর্পোরেশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গঠিত কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন জনসচেতনতা সৃষ্টি, মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে, মশার উৎপত্তিস্থলে লার্ভা ধ্বংস এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আরও পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কাজে মহানগরবাসীর সহযোগিতা কামনা করছি।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন গঠিত কমিটির সদস্য সচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় আরও উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, গঠিত কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্ত, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রোজী আরা খাতুন, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, এনজিও প্রতিনিধি খাজা তারেক, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি ডা. মো. শাকিল আহমেদ, রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।