বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৯:২৯
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৯:৫৮

উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ডেস্ক ও রিসার্চ অফিস’ গড়ার উদ্যোগ ইউজিসির

ছবি : বাসস

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা, গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ডেস্ক ও রিসার্চ অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ (মঙ্গলবার) ইউজিসিতে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার গুণগত মান, গবেষণার সক্ষমতা এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান অনেকাংশেই নির্ভর করে বৈশ্বিক নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, বরং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে ইউজিসি কাজ করছে।’

তিনি জানান, প্রস্তাবিত এই অফিসগুলোর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, দ্বৈত ডিগ্রি কর্মসূচি, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ এবং যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানো যাবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি মেধাবীদের প্রসঙ্গে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘আমরা শুধু শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার বিষয়টি বা ‘ব্রেন ড্রেন’ দেখতে চাই না; বরং ‘ব্রেন সার্কুলেশন’-এর মাধ্যমে বিদেশে কর্মরত প্রবাসীদের সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর সংযোগ গড়ে তুলতে একটি ‘একাডেমিক ডায়াসপোরা নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ব্যক্তি-নির্ভর না করে টেকসই ও ধারাবাহিক করতে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের ‘ইরাসমাস প্লাস’ কর্মসূচির বিভিন্ন সুবিধা নিতে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের সচেতন থাকার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম এবং ইরাসমাস প্লাস এশিয়া অঞ্চলের কর্মকর্তা আশিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।