শিরোনাম

লক্ষ্মীপুর, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিপিএ-৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না, এই সমাজের মধ্যে নৈতিকতাটাকে প্রাধান্য দিচ্ছি কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। শিক্ষায় নৈতিকতা বড় গুণ।
আজ শনিবার লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।
বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমরা (সরকার) শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দিচ্ছে। তারা আমাদের অর্জন ও মেধাকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত। এ জন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে পারি তাহলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাব।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।
মন্ত্রী আরও বলেন, নৈতিকতা বা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত সমাজ। তাই সবাইকে নৈতিকতার চর্চা করতে হবে।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের প্রথম ধাপ। এরপর ইন্টারমিডিয়েট আরও অনেক কঠিন। আর এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অনেক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার নতুন করে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে।