শিরোনাম

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশের মাধ্যমে নানানভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘প্রস্তুতি সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সকলের সহযোগিতা প্রয়োজন। বিএনপি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানান, আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনসহ যথাসময়ে উপস্থিত হয়ে র্যালিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।