শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত ‘১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
ড. আমানুল্লাহ বলেন, ‘স্বাধীনতার পর এবং পরবর্তীতে ১৯৯০ ও ২০২৪ সালের গণ-আন্দোলনের পরও কাক্সিক্ষত সাংস্কৃতিক পরিবর্তন না হওয়ায় আমরা নানা সমস্যার মুখোমুখি হয়েছি। আমাদের তরুণ শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে সেই প্রয়োজনীয় সাংস্কৃতিক পরিবর্তন দেখতে চাই।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, দেশের ব্যাংক, বীমা, কর্পোরেট খাত ও বেসরকারি চাকরির সিংহভাগ ক্ষেত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দখলে। এমনকি প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান ও গ্রামীণফোনের সিইও-এর মতো উচ্চপদেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই নিজেদের ছোট না ভেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ইতিবাচক ও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষাঙ্গণে শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও গঠনমূলক প্রতিযোগিতার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষকদের প্রতিষ্ঠানের স্বার্থে এবং শিক্ষার্থীদের নিজেদের একাডেমিক ও সহপাঠ্যক্রমিক অঙ্গনের স্বার্থে কাজ করতে হবে।
বিতর্কের মাধ্যমে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি তেজগাঁও কলেজকে বিভিন্ন ক্লাবভিত্তিক শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে একটি 'মডেল' হিসেবে গড়ে তোলার কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
‘তারুণ্যের কলতানে, মুক্তির জয়গানে জেগে উঠুক বাংলাদেশ’Ñএই স্লোগানে আয়োজিত এই বিতর্ক উৎসবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বমোট ৬৪টি দল অংশ নেয়।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও মো. ফখরুল ইসলাম ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।