শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার।
দোহায় উচ্চপর্যায়ের বৈঠকের পর আজ (মঙ্গলবার) এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ঢাকায় পাওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন।
উভয় বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বিশেষ করে জ্বালানি ও অর্থ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচ্য বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ এই দুই খাতে পরস্পরের জন্য লাভজনক সহযোগিতা এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয় তারা।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী কাতারের উভয় মন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ড. খলিলুর রহমান বর্তমানে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন এবং একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।