শিরোনাম

নেত্রকোণা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : যুবদের মাঝে পরিবেশ সংরক্ষণ সচেতনতা বৃদ্ধি ও আইন বিষয়ে ধারণা সৃষ্টির লক্ষ্যে জেলায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ‘যুব ভবন’ মিলনায়তনে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এ কর্মসূচির আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পরিবেশ রক্ষায় করণীয় বিষয়, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি গোল ও পরিবেশের সাথে সম্পর্কিত গোলগুলোর বিশদ বর্ণনা প্রদান করেন। একইসঙ্গে বনভূমি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বেলার ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা উজ্জ্বল কুবি, নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, আব্দুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান এবং নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন পরিবেশ আইন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং পরিবেশ রক্ষায় করণীয় নানা দিক তুলে ধরেন।
সভা শেষে জেলার দুর্গাপুর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলার তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করা হয়। পরবর্তীতে যুব ভবন প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।