শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : নারীদের নিরাপদ, স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
তিনি বলেন, নারী যাত্রীদের পাশাপাশি নারী চালক ও নারী কন্ডাক্টরদের নিরাপত্তা, প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করাও সরকারের অন্যতম দায়িত্ব।
আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত বিশেষ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, প্রতিদিন অসংখ্য নারী কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করেন। কিন্তু নিরাপদ যাতায়াতের অভাবে তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ বাস সার্ভিস চালুর মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান হবে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলাচল করবে। এসব বাসে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে ১০৬টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি—সব মিলিয়ে ১৩৪টি স্টপেজে এ বাস সার্ভিস যাত্রীসেবা প্রদান করবে। পর্যায়ক্রমে সেবার পরিধি আরও বাড়ানো হবে।
তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করতে মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তিনটি বাসে সিসিটিভি ক্যামেরা এবং প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে, যা নিরাপত্তা ও পরিচালনা আরও কার্যকর করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিআরটিসির মহিলা বাস সার্ভিসের জন্য ১০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রক্রিয়া শুরু করেছে। খুব শিগগিরই পরিবেশবান্ধব এসব বাস বহরে যুক্ত হবে। এছাড়া বিআরটিসির বহর আধুনিকায়নে প্রায় ৮০০ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।
নারীর কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ বাস সার্ভিস চালুর মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নারী চালক ও কন্ডাক্টরদের প্রশিক্ষণ, নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বিআরটিসির এই বিশেষ বাস সার্ভিস নারীদের নিরাপদ যাতায়াতের প্রতীক হয়ে উঠবে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব, বিআরটিসির কর্মকর্তারা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বেসরকারি মালিক সমিতির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া ও চট্টগ্রামের সংসদ সদস্যসহ স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
উদ্বোধনের মাধ্যমে একই সময়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।