বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৬:৪২

ঝালকাঠিতে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

ঝালকাঠি, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় জেলার বিদ্যুৎ পরিস্থিতি ও সৌরবিদ্যুতের ব্যবহার, বাসন্ডা সেতু নির্মাণের অগ্রগতি, খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম এবং কুকুরকে র‌্যাবিসের টিকাসহ প্রয়োজনীয় বিষয়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

মৎস্য সম্পদ সংরক্ষণে চলমান জাটকা সংরক্ষণ অভিযান আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা। 

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত মান নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।