শিরোনাম

নেত্রকোনা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার দুর্গাপুরে চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা তল্লাশিকালে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকার একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা জেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এসআই হারুনের নেতৃত্বে জাঞ্জাইল চেকপোস্টে একটি অটোরিকশা তল্লাশিকালে এক যাত্রীর পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে এসআই হারুন ধাওয়া করে তাকে আটক করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে প্যাকেটটি খোলা হলে চারশো পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসব মাদক আনুষ্ঠানিকভাবে জব্দ করেন, এসআই ফিরোজ আল মামুন।
ওসি খন্দকার শাকের আহমেদ বাসসকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে সে সীমান্তবর্তী মাধবপুর এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিল।
মাদকের এ চালানটি নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকায় পৌঁছে দেয়ার কথা ছিল তার।
তিনি আরও জানান, হক মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ মাদকের মূল সরবরাহকারী ও শ্যামগঞ্জের গ্রহীতাকে শনাক্ত করতে আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।