বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪২
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪৬

খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যার প্রধান অভিযুক্ত কাটাপ্পা গ্রেফতার

ছবি : বাসস

যশোর, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় গুলি করে যুবদলকর্মী ফখরুল শেখকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার ওরফে কাটাপ্পাকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গতকাল শনিবার রাত ১১টার দিকে যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স ইব্রাহিমকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুরে ঝটিকা অভিযান চালানো হয়। সেখানে একটি বাড়ি ঘিরে তাকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

গত ১১ আগস্ট দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা যুবদল কর্মী ফখরুলের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামে ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।

গুরুতর আহত ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফখরুল নৈহাটি গ্রামের বাসিন্দা এবং রূপসা কলেজের ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। তিনি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই ছায়াতদন্ত চালিয়ে আসছিল র‌্যাব। এক পর্যায়ে গোপন সংবাদের সূত্র ধরে ইব্রাহিমের যশোরের অবস্থানের তথ্য পাওয়া যায় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, ইব্রাহিমকে রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।