বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৯:৪৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে : ত্রাণমন্ত্রী

ছবি : বাসস

রংপুর, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। অচিরেই এসব কার্যক্রমের ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো গেলে বিদেশগামী চিকিৎসার্থীদের ঢল থামানো যাবে, এতে করে সাশ্রয় হবে দেশের টাকা। তাই এক্ষেত্রে কোনো আপস করা হবে না।

আজ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

চিকিৎসাসেবা প্রদানকে শুধু চাকরি হিসেবে না দেখে মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন রেজেকা সুলতানা ফেন্সি এমপি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।