বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৯:৫৪

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার 

চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার এক বাসায় আয়োজিত ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায়  আলোচনা করার জন্য জড়ো হন। এমন তথ্য পেয়ে শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।

এছাড়া, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।