শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : দুই ব্যাটার তানজিদ হাসান ও মোমিনুল হকের সেঞ্চুরির জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লিডের দ্বারপ্রান্তে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ১৭ রানে পিছিয়ে আছে টাইগাররা।
ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল টাইগাররা। দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ- মোমিনুল। তানজিদ ৩২ ও মোমিনুল ৩৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মোমিনুল। অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের প্রথম শিকার হওয়ার আগে ৮টি চারে ৪৯ রান করেন মোমিনুল।
তানজিদের সাথে দ্বিতীয় উইকেটে ১৮৯ বলে ১০২ রানের জুটি গড়েন মোমিনুল। এই জুটি গড়া পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ।
দলীয় ১৩৮ রানে মোমিনুল হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান তানজিদ। এ সময় তানজিদ ৭৪ ও শান্ত ২৮ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও হ্যাজেলউড ১টি করে উইকেট নেন।