শিরোনাম

বরিশাল, ১০ আগস্ট, (বাসস) : বরিশাল সফরের দ্বিতীয় দিনে কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে ব্যতিক্রমী গ্রামীণ আবহ ও বাঙালি আতিথেয়তায় আপ্লুত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ (সোমবার) দুপুরে তিনি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পৈতৃক বাসভবনে এক মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় কূটনৈতিক প্রটোকলের বাইরে গিয়ে বরিশালের স্থানীয় ঐতিহ্য, প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যময় খাবার উপভোগ করেন তিনি।
তথ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক অভিবাদন জানানো হয়। এরপর ক্রিস্টেনসেন বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।
দুপুরের আয়োজনে মার্কিন অতিথির সামনে নদীমাতৃক বরিশালের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় দেশীয় খাবার পরিবেশন করা হয়। ছিল তাজা ইলিশ ভাজা, আইড়সহ নানা পদের মাছের ব্যঞ্জন এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকম ভর্তা ও ভাজি। চিরায়ত বাঙালি আতিথেয়তায় পরিবেশিত এসব পদের স্বাদে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।
মধ্যাহ্নভোজের শেষভাগে পরিবেশন করা হয় স্থানীয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন। বিশেষ করে গৌরনদীর বিখ্যাত ‘শচীন ঘোষের রসমালাই’ ও বিশেষ দধির চমৎকার স্বাদে তিনি অভিভূত হন।
এ ছাড়াও সাধারণ মানুষের উষ্ণ আতিথেয়তা, স্থানীয় খাবারের সুনিপুণ পরিবেশন এবং ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ-সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনটি ভিন্নধর্মী ও স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং সৌজন্যমূলক বিনিময়ের দৃষ্টান্তে পরিণত হয়।