শিরোনাম

লক্ষ্মীপুর, ১০ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
মেলা উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কালেক্টরেটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষমেলায় মেলায় ১৮টি নার্সারি অংশ নিচ্ছে।
কর্মসূচি উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।