বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ২০:৪৭

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

ছবি : বাসস

রাজশাহী, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং লেবেলবিহীন দই ও মাঠা বিক্রির অপরাধে ‘অলিম্পিয়া সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বিএসটিআই মানসনদ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এছাড়া তাদের উৎপাদিত ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য বাধ্যতামূলক তথ্যসম্বলিত কোনো লেবেল ছিল না। এসব অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।