শিরোনাম

খুলনা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডের ৪০৩টি পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর ১৫নং ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ২৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আলাদা অনুষ্ঠানে মা ও শিশুদের মধ্যে এসব পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ কারণে মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। কেননা মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে। মা ও শিশুরা সুরক্ষিত থাকে।
দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ পুষ্টিকর খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ২৬৮টি পরিবার এবং ১৮, ২০ ও ২৫নং ওয়ার্ডের ১৩৫টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপশি, শিশুদের হাত ধোয়া, নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ বিস্তার লাভ করছে। মশাবাহিত এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়ির আশেপাশে পানি জমে না থাকে এবং শিশুদের যেন মশায় আক্রমণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।
পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. ইমরুল হাসান টিটো এবং ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু।
অন্যান্যের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।
এর আগে সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরীর বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাজী ইসমাইল রোডসহ লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান ও বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বয়রা শ্মশানঘাট ব্রিজ সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ব বন্ধু দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে খুলনা ফ্রেন্ডশিপ কাব এ কর্মসূচির আয়োজন করে।
‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গ্রীণ সিটি-কীন সিটি গড়ার লক্ষ্যে নিয়ে সংগঠনটি এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
কাবের সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ভূঁইয়া, সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিল, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।