শিরোনাম

চাঁদপুর, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কচুয়ায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
স্থানীয়দের অভিযোগ, ধামালুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা ও ড্রেজার ব্যবসায়ী কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের বাধা উপেক্ষা করে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।
একইসঙ্গে ভেকু দিয়ে মাটি কাটারও অভিযোগ রয়েছে। এতে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, ফসলি জমি নষ্ট করে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার বা মাটি কাটা চলতে দেওয়া যাবে না। কৃষিজমি রক্ষার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।