শিরোনাম

টাঙ্গাইল, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ অনুমোদনহীন তিনটি ক্লিনিক সিলগালা এবং একটি হাসপাতালকে একলাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই।
এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালের অনুমোদনসংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে একলাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।