বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১৮:৪৬

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।

এ সময় কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে কৃষিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতে অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশেষ করে হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পায়। এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দু’দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিখাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা চেয়েছেন।

হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।

তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান।

পাশাপাশি দু’দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।