শিরোনাম

লালমনিরহাট, ৪ আগস্ট ২০২৬ (বাসস): জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানকালে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি সহ গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকেলে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে কাশিপুর, গোড়কমন্ডল ও অনন্তপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) টহলদল পৃথক এসব অভিযান পরিচালনা করে। সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান চালায় টহলদল। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৩২টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করা হয়।
এছাড়া একই দিন রাত ৯টা ১০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণনন্দন বকসী এলাকায় এবং মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগরাজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে সাড়ে ২১ কেজি ভারতীয় গাঁজা এবং ১১৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত ১৩২টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ির সিজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা সহ এসব মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।