শিরোনাম

পাবনা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলায় ‘পাবনা দই ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আজ সোমবার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রস্তুতকৃত খাদ্যসামগ্রী খোলা অবস্থায় সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সকল অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
অভিযানে সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ।
ঈশ্বরদী উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আবু কায়সার অভিযানে সহযোগিতা করেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের একটি দলও উপস্থিত ছিল।