শিরোনাম

চট্টগ্রাম, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে চক্রটির গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফাতেমা মোটরসের সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে চোরাই সিএনজি অটোরিকশা কেনাবেচার ঘটনায় হাতেনাতে মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি অটোরিকশার মধ্যে তিনটির কোনো নিবন্ধন নম্বর নেই। অন্যটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, চোরাই যানবাহন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত চলবে।