বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:৩২

পিরোজপুরে সরকারি কর্ম ঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশ 

ছবি : বাসস

পিরোজপুর, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিভিল সার্জন কার্যালয়।

আজ সোমবার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি কর্মঘণ্টা চলাকালীন কোনো সরকারি চিকিৎসক কোনো ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না।

এতে স্পষ্ট করে সতর্ক করে দেওয়া হয় যে, যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্ম ঘণ্টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্রাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপিটি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

এছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জেলার সকল সদস্য প্রতিষ্ঠানে অবিলম্বে অবহিত করার অনুরোধ জানানো হয়।