বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:৩০

বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

ছবি: বাসস

বরগুনা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): দেশব্যাপী ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘এক দেশ এক কিউআর’ কর্মসূচির আওতায় বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরডিএফ টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিলিত হয়।

সভায় বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা এবং আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (বরগুনা) আকিঞ্চন বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি দিলীপ কর্মকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল অঞ্চলের এসডিপি ও কিউআরটি প্রধান প্রীতম ঘোষ।

বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, বাংলা কিউআর চালুর ফলে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা যাবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।

একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

সভায় ব্যবসায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।