বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২১:০১

সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু 

সাতক্ষীরা, ৩ আগস্ট ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ পৃথক দুর্ঘটনায় কৃষ্ণপদ বৈদ্য (৫০) এবং খায়রুন্নেছা (৪০) নামের দুইব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের দু’টি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণপদ বৈদ্য শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের শীলতলা গ্রামের গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে। অন্যদিকে নিহত খায়রুন্নেছা একই উপজেলার ধুমঘাট ইউনিয়নের মটেরচক গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। 

অন্যদিকে, সোমবার দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে খায়রুন্নেছা নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, দু’টি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।