বাসস
  ০১ আগস্ট ২০২৬, ২০:৩০

গোবিন্দগঞ্জে ৬০০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

ছবি : বাসস

গাইবান্ধা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৬০০ জন সুবিধাবঞ্চিত, মেধাবী শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের মধ্যে সাইকেল, সেলাই মেশিন, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা -৪ (গোবিন্দগঞ্জ ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন।

এর মধ্যে ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল, ৩০ জন সুবিধাবঞ্চিত মহিলাকে সেলাই মেশিন এবং ৪৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ছাতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সরঞ্জাম দেওয়া হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিশিষ্ট নাগরিক ও সুবিধাভোগীরা।

সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার এবং সরকারের উন্নয়ন উদ্যোগ সারাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে আমরা কাজ করে যাচ্ছি। 

তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় নিবেদিত থাকার আহ্বান জানান এবং যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন  তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ব্যবহার করতে উৎসাহিত করেন।