শিরোনাম

যশোর, ১ আগস্ট ২০২৬ (বাসস): জেলার অভয়নগর উপজেলায় আজ মোটরসাইকেল ও ব্যাটারি-চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশিয়ার রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মশিয়ার রহমান জেলার অভয়নগর উপজেলার বাগদা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়রা বাজার থেকে ব্যাটারি-চালিত রিকশাভ্যান যোগে পাঁচাকড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পালসার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় যানের মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত দু’টি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।